বাণী রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনদিন পিছনের দিকে তাকাননি। বিএনপি’র ইতিহাস সামনে চলার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস পিছনে চলার ইতিহাস। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আজকে কিন্তু তিনি তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনিস্টিটিউটের অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিগত সতের বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের মানুষের কাছে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
মন্ত্রী আরো বলেন, ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের ও বিএনপি’র বিরুদ্ধে। আর বিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং দেশকে ভালোবাসে বলে এই ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম। বিএনপিকে ওয়ান ইলেভেনের সময় অপসারণ করে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অধিনস্ত করার পরিকল্পনা করা হয়েছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে দেওয়া হয়েছিল। সেই অন্যায়ের বিচার আজকে হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শিরীন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদুৎ, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।