রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ফেরদৌস ভূঁইয়ার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে দুই ভাইকে বের করে দেওয়া এবং বৃদ্ধা মা, দুই ভাই ও তাদের স্ত্রীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তার ছোট দুই ভাই মাসুদ ও মাসুম। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে ভালোবাসা, বিশ্বাস ও আস্থার সম্পর্ক ছিল। তারা যৌথভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি জমি কিনে বাড়ি নির্মাণ করেন। তবে সম্পত্তি ও আর্থিক বিষয় নিয়ে বিরোধের জেরে সেই সম্পর্ক এখন চরম অবনতির দিকে গেছে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে, নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের পাশে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, সড়কের পাশে থাকা দোতলা ভবনটি তিন ভাই ফেরদৌস, মাসুদ ও মাসুমের নামে রেজিস্ট্রি করা। তবে জমি ও বাড়ি নিয়ে বিরোধের জেরে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মাসুদ, তার স্ত্রী ও সন্তানকে বাড়ি থেকে বের করে দেন।
এ ছাড়া পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মা হালিমা বেগমের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
হালিমা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে তার বড় ছেলে ফেরদৌস তার ওপর হামলা চালিয়ে মারধর করেছেন। অপর ভাই মাসুম ও তার পরিবারের সদস্যরাও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, পারিবারিক বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করেও তারা কোনো সমাধান পাননি।
মাসুদ ও মাসুমের অভিযোগ, দীর্ঘদিন যৌথভাবে গড়ে তোলা সম্পদ বিক্রির টাকা এবং ব্যবসার মূলধনের অর্থ ফেরদৌস একাই আত্মসাৎ করেছেন। বিরোধের কারণে বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তারা। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্য, নরসিংদীর পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন দুই ভাই।
তবে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে বের করে দেওয়া এবং হামলা ও মারধরের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ফেরদৌস ভূঁইয়া। এ ঘটনায় বড় ভাই ফেরদৌস ভূঁইয়ার বিচার দাবি করেছেন ভুক্তভোগী দুই ভাই। একই সঙ্গে সম্পত্তির ন্যায্য বণ্টন এবং আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা অর্থ ফেরত পাওয়ারও দাবি জানান তারা।