নিজস্ব সংবাদদাতা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী শহরতলী হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ লিটার অবৈধ চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে। রোববার (১৫ নভেম্বর) নরসিংদী মডেল থানাধীন হাজীপুর আনসার ক্যাম্প এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় শ্রী মায়া রানী রবিদাস (৩৫) ও রবিন রবিদাস (২৬) নামে দুজনকে আসামি করা হয়েছে। মদ সহ শ্রী মায়া রানী রবিদাসকে আটক করা হয়েছে। রবিন রবিদাস পলাতক রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদীকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।