নিজস্ব সংবাদদাতা : নরসিংদী জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী থেকে অস্ত্র, হত্যামামলা, চাঁদাবাজি, মাদক ও দস্যুতাসহ ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে গ্রেফতার করা হয়েছে| গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাঁশগাড়ী ইউনিয়নের চরমেঘনা গ্রামে এ্যাংকার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে তার বসত ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় ৩টি ওয়ান সুটারগান, ৪ টি পিতল বুলেট ও ৩ টি কার্তুজ উদ্ধার করে পুলিশ|
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক এর নির্দেশে এএসপি শিবপুর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে থাকা রায়পুরা সার্কেল মোঃ রায়হান সরকার, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ও বাশঁগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে আটক করে তার দেখানো মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়| এব্যাপারে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা জানায়, এ্যাংকা দুর্ধর্ষ সন্ত্রাসী সে টাকার বিনিময়ে অস্ত্রসহ বিভিন্ন এলাকায় গিয়ে সন্ত্রাসী কর্ম কান্ড চালাতো। অস্ত্র ভাড়া দিতো, গুলি বিক্রি, মাদক বিক্রিসহ একটি অস্ত্র, গুলি বিক্রয় গ্যাং এর সাথে জড়িত। দীর্ঘদিন চর এলকায় দাপটের সাথে চললেও অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার গ্রেফতারে বাশগাড়ী সহ রায়পুরা চরএলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।