নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪২) কে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বুধবার (৭ জানুয়ারী) নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ী মনি চক্রবর্তীকে নির্মমভাবে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দীপক কুমার বর্মণ প্রিন্স, দীপঙ্কর সাহা রানা, মাহমুদ হোসেন চৌধুরী সুমন, এডভোকেট তুষার মিত্র, মিঠু বর্মন, সঞ্জয় সাহা, রাখাল চন্দ্র বিশ্বাস, বাবুল বিশ্বাস প্রমুখ। এসময় নিহত মনি চক্রবর্তীর আত্মীয়—স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৫ জানুয়ারী) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মনি চক্রবর্তী। এব্যাপারে পলাশ থানায় নিহত মনি চক্রবর্তীর বাবা মদন চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছে। মনি চক্রবর্তীকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে । হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।